Logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১১:৪৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
ছবি: সংগৃহীত

মহাসড়কে নিরাপত্তা বাড়ানো এবং ট্রাফিক আইন লঙ্ঘন কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। আগামী মঙ্গলবার থেকে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা কার্যকর করার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধভাবে গাড়ি পার্কিং, উল্টোপথে চলাচলসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ জন্য মহাসড়কের নির্ধারিত স্থানে আধুনিক প্রযুক্তির এআই ক্যামেরা ব্যবহার করা হবে। ক্যামেরায় কোনো যানবাহনের আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট গাড়িটি শনাক্ত করে তার নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। ওই বার্তায় মামলার তথ্য জানিয়ে পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করা হবে।

প্রচলিত আইন অনুযায়ী মামলা ও জরিমানার প্রক্রিয়া সম্পন্ন হবে। মামলার তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ বলছে, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগের ক্ষেত্রে গতি ও দক্ষতা বাড়বে। একই সঙ্গে সড়কে নিয়ম ভঙ্গকারী যানবাহন শনাক্ত করাও সহজ হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক পরিবেশ তৈরি হবে বলে আশা করছে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ রুট হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। এ মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালুর ফলে ট্রাফিক আইন বাস্তবায়নে প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD