Logo

কিশোরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৬ আগস্ট, ২০২৬, ১২:৫২
কিশোরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

রবিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সফর নির্বিঘ্ন করতে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী কটিয়াদীর আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকার বাইরে এবারই প্রথম জাতীয় পর্যায়ের মৎস্য পক্ষের উদ্বোধন হচ্ছে কিশোরগঞ্জে। হাওর, নদী-বিল ও মিঠাপানির মাছের সমৃদ্ধ উৎস হিসেবে পরিচিত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মৎস্য খাতের সম্ভাবনা ও সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরাই এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা উদ্যোক্তাদের পুরস্কৃত করার কথা রয়েছে। অনুষ্ঠানকে ঘিরে মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি মাঠের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

এর পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে যাবেন তিনি।

পুরোনো স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে বিভিন্ন অনুদান দেওয়ার পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমও প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে উদ্বোধনের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও নানা প্রত্যাশা তৈরি হয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কিশোরগঞ্জ ইপিজেড বাস্তবায়ন, হাওরের মাছ সংরক্ষণে আধুনিক হিমাগার নির্মাণ এবং পর্যটন অবকাঠামোর উন্নয়নসহ দীর্ঘদিনের বিভিন্ন দাবি নতুন করে আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের প্রত্যাশা, মৎস্য ও কৃষির সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি যোগাযোগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সফর নতুন উদ্যোগের পথ তৈরি করবে।

সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD