ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের দীর্ঘ খরা কাটিয়েছে টাইগাররা। ঐতিহাসিক এই সাফল্যের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
রবিবার (১৬ আগস্ট) ডারউইনে বাংলাদেশ দল যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের উদ্দেশে পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঐতিহাসিক জয়ের জন্য দলের সবাইকে অভিনন্দন জানান। পাশাপাশি বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে।
প্রসঙ্গত, ডারউইনে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রান সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া। এরপর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪২৬ রান করে লিড নেয়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দল ২৮৪ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৬ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচের আরও পুরো একদিন বাকি থাকতেই ৯ উইকেটের বড় জয় তুলে নেয় সফরকারী দল।








