কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, কিশোরগঞ্জ জেলা সদর ছাড়াও পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় একাধিক সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ এবং ফ্যামিলি কার্ড প্রদানসহ বিভিন্ন কার্যক্রম।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শপথ গ্রহণের পর কিশোরগঞ্জে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। তার আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বিজ্ঞাপন
সফরের শুরুতে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। একই স্থানে স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে পোনাও বিতরণ করার কথা রয়েছে।
এরপর তিনি কটিয়াদী উপজেলায় যাবেন। সেখানে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি দেশের সেরা মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেবেন।
দুপুরের পর প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে কিশোরগঞ্জ শহরে। তিনি ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই অনুষ্ঠানে ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের হাতে সম্মানি ভাতাও তুলে দেবেন তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। তার সফরকে কেন্দ্র করে নির্ধারিত কর্মসূচির স্থানগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।








