অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

অসুস্থতার কারণে শারীরিকভাবে বেশ সমস্যায় রয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। পা অবশ হয়ে যাওয়ায় তার হাঁটাচলা সীমিত হয়ে পড়েছে। এ কারণে আপাতত বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১৬ আগস্ট) নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, বর্তমানে হাঁটাচলা করতে তার বেশ কষ্ট হচ্ছে। পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন। ফলে আপাতত দেশের বাইরে যাওয়ার কোনো চিন্তা করছেন না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, তিনি নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক কোনো সমস্যা দেখা দিলে গুলশানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসাসেবা নিচ্ছেন।
বিজ্ঞাপন
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দরকার হলে তাকে সিএমএইচে যেতে হচ্ছে। বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় আসার পর এখন পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।
বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, এ সিদ্ধান্ত পুরোপুরি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে। চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।








