জ্বালানি সংকট কাটাতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দীর্ঘদিন ধরে তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাব এখন দেশের মানুষকে মোকাবিলা করতে হচ্ছে। এ সংকট নিরসনে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়, এজন্য কিছুটা সময় প্রয়োজন হবে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মোংলা বন্দরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরটিকে আরও আধুনিক ও কার্যকর করতে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো গেলে এর সুফল শুধু বাগেরহাট বা খুলনা অঞ্চলের মানুষই নয়, পুরো দেশ পাবে।
তিনি আরও বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে বন্দরের সমস্যা নিরসনের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় বাগেরহাটের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও যোগাযোগ অবকাঠামো নিয়েও আলোচনা হয়। জেলার সড়ক, রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বাগেরহাটকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে মন্ত্রী বাগেরহাটের গুরুত্বপূর্ণ দশানি–রামপাল–মোংলা সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা ছিল। সড়কটির উন্নয়ন হলে রামপাল, মোংলাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
পরে তিনি সরকারি পি.সি. কলেজে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নেন।
বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।








