Logo

রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ, শুক্রবার শপথ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৬, ২০:৪০
রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ, শুক্রবার শপথ
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বিজ্ঞাপন

বুধবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন ও সংসদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ভোট শুরুর পাঁচ মিনিট আগে সরাসরি সম্প্রচার শুরু হবে।

রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি। তাদের ভোট দেওয়া শেষ হলে বাকি ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া রেকর্ড করা হবে। ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আবার সরাসরি সম্প্রচার শুরু হবে এবং ফলাফল ঘোষণাও সরাসরি দেখানো হবে।

বিজ্ঞাপন

নুরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন দেশের গণতান্ত্রিক যাত্রায় গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এর মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়া এগিয়ে যাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য রয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করার কথাও উল্লেখ করেন চিফ হুইপ। তিনি বলেন, এ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আবারও রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া প্রত্যক্ষ করবে।

এর আগে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা শুরু হয়। প্রায় ৪০ মিনিট পর বিকেল ৪টা ৪০ মিনিটে সভা শেষ হয়। এতে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোটাভুটি হচ্ছে। বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অংশ নেবেন।

১৯৯১ সালের ৮ অক্টোবর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজা চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

ব্রিফিংয়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জি কে গউছ, সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, খন্দকার আবু আশফাক এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD