সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে বারবার কেঁদেছেন দলের সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের সংসদ সদস্যদের কাছে নিজের পক্ষে ভোট চান তিনি।
বিজ্ঞাপন
একই সভায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুলকে বিজয়ী করতে সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলের মধ্যে কোনো বিভেদ না রাখার জন্য এমপিদের সতর্ক করেন তিনি।
বুধবার দুপুর ২টার দিকে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা চলা সভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একপর্যায়ে আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে সহকর্মীদের কাছে ক্ষমা চান মির্জা ফখরুল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দল থেকে পাওয়া সম্মান রক্ষায় প্রয়োজনে জীবন দিয়েও কাজ করার অঙ্গীকার করেন তিনি।
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে অবস্থানকালে দলের নেতাকর্মীদের সঙ্গে বর্তমান রাজনৈতিক আবহের অভাব অনুভব করবেন বলেও জানান মির্জা ফখরুল। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, দলের কঠিন সময়ে তিনি সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ সময় তাকে কারাবরণও করতে হয়েছে।
বিজ্ঞাপন

বৃহস্পতিবার অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিজয়ী করতে দলের সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সতর্ক করেন বিএনপির চেয়ারম্যান। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়ায় এবারের নির্বাচনকে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, নিজ নিজ এলাকায় অনেক এমপির সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের দূরত্ব তৈরি হয়েছে। দ্রুত তা কমিয়ে আনতে তিনি নির্দেশ দেন।
গত নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দল যাকে সমর্থন দেবে, তার বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য বা নেতা যেন বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ না করেন। স্থানীয় পর্যায়ে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করে তাদের বিজয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত জানান। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। পরে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে আইন অনুযায়ী ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হবে।
বিএনপির সংসদীয় দলের এ বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের অন্যান্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন।








