Logo

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১২:১৩
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

রবিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ কার্যক্রম পরিচালনা করেন। যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে বহাল থাকল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। পরে নির্ধারিত সময়ের মধ্যে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

অন্যদিকে, ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও একই দিন যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

ফলে এখন পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হচ্ছে। চূড়ান্ত ভোটের আগে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারিত হবে।

আগামী ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের সব আনুষ্ঠানিকতা নির্ধারিত তফসিল ও আইন অনুযায়ী সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD