Logo

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন, অভিযোগের সুযোগ নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৫:০৪
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন, অভিযোগের সুযোগ নেই
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ীই পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিরোধীদলের পক্ষ থেকে এ নির্বাচন নিয়ে অভিযোগ তোলার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ হুইপ।

বিজ্ঞাপন

নূরুল ইসলাম মনি বলেন, বর্তমান সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত, তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ও শপথসহ সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টার পরপরই উপস্থিত সবার সামনে ভোট গণনা করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে।

ভোটগ্রহণ সরাসরি সম্প্রচারের বিষয়ে চিফ হুইপ বলেন, ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে লাইভ সম্প্রচার শুরু হবে। ভোট চলার তিন ঘণ্টা সরাসরি সম্প্রচার বন্ধ থাকলেও পুরো ভোটগ্রহণ প্রক্রিয়ার রেকর্ড সংরক্ষণ করা হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময় আবারও সরাসরি সম্প্রচার করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিধান অনুযায়ী প্রধান বিচারপতির পরিবর্তে সংসদের স্পিকার, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে রয়েছেন, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পদত্যাগের প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তিনি শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তার সংসদ সদস্যপদ ও মন্ত্রিত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। এজন্য আগে থেকে পদত্যাগ করার প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

কারা ভোট দিতে পারবেন, সে বিষয়ে তিনি জানান, অসুস্থতার কারণে সংসদ সদস্য মির্জা আব্বাস ভোট দিতে উপস্থিত হতে পারবেন না। তবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যেহেতু একজন সংসদ সদস্য, তাই তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD