কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সাতক্ষীরা, কুষ্টিয়া ও ঢাকার নিহতদের মরদেহ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছায়।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বুধবার (১৯ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নে সহযোগিতা করে আসছে।
শনিবার সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত এবং একই পরিবারের আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে শনিবার বিকেলে দেশে আনা হয়। ঢাকার আমিনবাজারের নিহত বাবু আহমেদের মরদেহও একই সীমান্ত দিয়ে দেশে পৌঁছায়।
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে সাতক্ষীরার নিহত রেপতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়েছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে।
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রণালয়।








