Logo

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৬, ১৪:০০
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালকের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি (২৬ আগস্ট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে সারাদেশে ইবাদত-বন্দেগী, সালাত, জিকিরসহ বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে। ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব।

দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়াতে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন স্থানীয় নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে নিজ নিজ এলাকায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি ঝুঁকি বিবেচনায় আগেই স্কেলিটন ফোর্স প্রস্তুত রাখা হবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদেরও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, ঈদ-ই-মিলাদুন্নবীর অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি বা গোষ্ঠী যাতে হামলা, নাশকতা কিংবা অন্য কোনো অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিতর্কিত বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেও নজরদারি রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে—এমন তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর বা উসকানিমূলক পোস্ট, মন্তব্য ও ছবি শনাক্ত করতে সাইবার পেট্রোলিং আরও জোরদার করা হয়েছে।

র‍্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে তা দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

জনসচেতনতা ও সবার সহযোগিতায় ঈদ-ই-মিলাদুন্নবীর ধর্মীয় আনুষ্ঠানিকতা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে র‍্যাব।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD