তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠান সাব ওয়ার্কিং গ্রুপ মঙ্গলবার (২৫ আগস্ট) প্রস্তাব দাখিল করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) ২টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে জাপানি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই প্রস্তাব জমা দেওয়া হয়। প্রতিষ্ঠানের প্রতিনিধি মাসাহিরু হিরাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের কাছে প্রস্তাবটি হস্তান্তর করেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অন্যান্য সদস্য এবং জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রস্তাব দাখিলের সময় জাপানি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কারিগরি ও আর্থিক প্রস্তাবসংবলিত পৃথক নথি জমা দেওয়া হয়। দাখিল করা প্রস্তাবগুলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত প্রস্তাব মূল্যায়ন কমিটির মাধ্যমে নির্ধারিত নিয়মে যাচাই ও মূল্যায়ন করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মূল্যায়ন কমিটিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন), সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
বিজ্ঞাপন
মূল্যায়ন প্রক্রিয়ার শুরুতে জাপানি প্রতিষ্ঠানের কারিগরি প্রস্তাব যাচাই করা হবে। এরপর আর্থিক প্রস্তাব মূল্যায়ন করা হবে। উভয় প্রস্তাব মূল্যায়ন শেষে প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতার কার্যক্রম সম্পন্ন করা হবে। আলোচনা ও সমঝোতা সফলভাবে শেষ হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে চুক্তি সম্পাদনের তারিখ চূড়ান্ত করা হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেশের বিমান খাতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা এবং দক্ষ পরিচালন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের বিমান চলাচল খাতকে আরও শক্তিশালী ও বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।








