Logo

বিপৎসীমার নিচে সব নদীর পানি, বাড়তে পারে বৃষ্টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট, ২০২৬, ১৬:৪৪
বিপৎসীমার নিচে সব নদীর পানি, বাড়তে পারে বৃষ্টি
ছবি: সংগৃহীত

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ এবং এসব অঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এফএফডব্লিউসি জানিয়েছে, ঝাড়খন্ড ও আশপাশের এলাকায় থাকা লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

ব্রহ্মপুত্র-যমুনায় পানি কমছে

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমেছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনও এ অঞ্চলের নদীর পানি কমতে পারে। এরপর পরবর্তী দুই দিনে পানি আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময়েও পানি বিপৎসীমার নিচে থাকবে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীতে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা বেড়েছে। আগামী দুই দিন পানি আরও বাড়তে পারে। এরপর তিন দিন পরিস্থিতি স্থিতিশীল থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এসব নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করবে না বলে জানিয়েছে কেন্দ্র।

চট্টগ্রাম অঞ্চলে মিশ্র পরিস্থিতি

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগের পূর্বাঞ্চলের মুহুরী, সেলোনিয়া ও সাঙ্গু নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। বিপরীতে গোমতী, ফেনী ও মাতামুহুরী নদীর পানি কমেছে। হালদা নদীর পানি রয়েছে স্থিতিশীল অবস্থায়।

এ নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। আগামী তিন দিনও পানির পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকার পূর্বাভাস দিয়েছে এফএফডব্লিউসি।

উত্তরাঞ্চলেও স্বস্তির চিত্র

বিজ্ঞাপন

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নদীগুলোর পানি বিপৎসীমার নিচেই থাকবে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও কমেছে। আগামী দুই দিন এ দুই নদীর পানি আরও কমতে পারে। তৃতীয় দিন পানির উচ্চতা স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সামগ্রিকভাবে দেশের প্রধান নদ-নদীগুলোতে আপাতত বড় ধরনের বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই। তবে আগামী কয়েক দিনের বৃষ্টিপাত এবং উজানের পানিপ্রবাহের কারণে নদীগুলোর পানি পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD