Logo

নেপালের ভয়াবহ বন্যায় সংসদে শোক, সহায়তার বার্তা বাংলাদেশের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৭:২৬
নেপালের ভয়াবহ বন্যায় সংসদে শোক, সহায়তার বার্তা বাংলাদেশের
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতীয় সংসদ। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশটির পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী ও মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংসদে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে নেপালের দুর্যোগে হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শুরুতে জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান তিনি।

স্পিকার বলেন, শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক, মানবিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান স্পিকার। তাঁর নেতৃত্বে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন—গয়েশ্বর চন্দ্র রায়, জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির, নিলুফার চৌধুরী মনি ও মুজিবুর রহমান।

বিজ্ঞাপন

এরপর বিভিন্ন সময়ে মারা যাওয়া সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিক, কবি, শিল্পী, গবেষক ও শিক্ষাবিদদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

শোক প্রস্তাবে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ জাহান চৌধুরী, সাবেক চিফ হুইপ ও প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন মিয়াসহ ১২ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এ ছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রাজনৈতিক চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং শিক্ষাবিদ ড. মকবুল হোসেনের মৃত্যুতে সংসদের পক্ষ থেকে শোক জানানো হয়।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান শোক প্রস্তাবে বাদ পড়া কয়েকজন সাবেক সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মণিও নাটোরের সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের নাম শোক প্রস্তাবে যুক্ত করার আহ্বান জানান।

একই সময়ে নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক ও সমবেদনা জানানোর প্রস্তাব দেন চিফ হুইপ।

তিনি জানান, বন্ধুপ্রতিম নেপালের এই দুর্যোগে সহায়তার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনা এবং মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

পরে নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়ে এবং নিহতদের স্মরণে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD