Logo

এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৭:৩৫
এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের ধরন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রশ্নের সঙ্গে বক্তৃতার মতো বক্তব্য থাকায় সেটি ঠিকভাবে বুঝতে পারেননি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।’

হাসনাত আবদুল্লাহর প্রশ্নে গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ভূমিকা রাখতে পেরেছে কি না—এসব বিষয় উঠে আসে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা, নৌকাবাইচ ও সিনেমা হল নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন তিনি।

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, সেটি দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে সংঘটিত অপরাধের ঘটনায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট ঘটনার বিষয়ে প্রশ্ন থাকলে তা সংসদের ৩০০ বিধিতে উত্থাপন করা যেতে পারে। সেক্ষেত্রে তিনি বিস্তারিত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সমাজের চাহিদা ও আলোচিত বিভিন্ন অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা করা হয়েছে। তবে বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব বিচার বিভাগের।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসার ঘটনা থেকে শুরু করে সম্প্রতি রংপুরে ঘটে যাওয়া চারটি হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তদের আইনের আওতায় এনেছে। তাই কোথায় ব্যর্থতা রয়েছে, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ বক্তব্য দেওয়া এক বিষয়, আর সংসদে তথ্যভিত্তিক আলোচনা করা আরেক বিষয়। কোনো নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার অভিযোগ থাকলে সে বিষয়ে নোটিশ এনে আলোচনা করা যেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কাগজে-কলমে কতটি হত্যা বা গুম হয়েছে—এ ধরনের পরিসংখ্যান উপস্থাপন করলে তার উৎস ও ভিত্তি স্পষ্ট করা প্রয়োজন। এর আগে সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্য এবং সাধারণ আলোচনায় সরকার বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরেছে বলেও উল্লেখ করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD