Logo

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জাতীয় সংসদে হট্টগোল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৭:৫২
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জাতীয় সংসদে হট্টগোল
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের শব্দচয়ন নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। একপর্যায়ে বিরোধীদলের প্রায় সব সদস্য দাঁড়িয়ে প্রতিবাদ জানালে সংসদে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় সদস্যরা প্রতিবাদ শুরু করেন। তারা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকলে স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

স্পিকার বলেন, এটি আওয়ামী লীগের আমল নয়। এখন সংসদ সদস্যরা ইচ্ছেমতো সরকারের সমালোচনা করতে পারছেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেষ হলে বিরোধীদলীয় নেতাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। প্রশ্নের জবাবের পর বক্তব্য পছন্দ না হলে বিরোধীদলীয় নেতাকে মাইক দেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তবে এরপরও বিরোধীদলের সদস্যদের প্রতিবাদ অব্যাহত থাকে। তখন স্পিকার বলেন, পরমতসহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে। তাঁর বক্তব্যের সময় যে ধরনের ক্ষোভ প্রকাশ করা হচ্ছে, সেটি সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নিরপেক্ষভাবে সংসদ পরিচালনার চেষ্টা করছেন বলে জানান স্পিকার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। নিজের শব্দচয়ন নিয়ে আপত্তির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি এর ব্যাখ্যা দিতে পারবেন। বিরোধীদলীয় সদস্যরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারলে তিনিও থাকতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। কথা বলতে না দিলে বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিরোধীদলের কোনো সংসদ সদস্যের মামলায় আসামি গ্রেপ্তার হয়নি—এমন কোনো নির্দিষ্ট ঘটনা থাকলে তার বিস্তারিত তথ্য দিতে হবে। শুধু সাধারণভাবে অভিযোগ না তুলে সুনির্দিষ্ট প্রশ্ন করার আহ্বান জানান তিনি।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন স্পিকার। তিনি বলেন, তাঁকে আগে কথা বলার সুযোগ দেওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনতে পারতেন। তাঁর বক্তব্যের সময় এ ধরনের মন্তব্য করাকে অশোভন বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন করে এসব শব্দ ব্যবহার করেননি। তিনি বলেন, সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে এখানে আসেননি। শিক্ষকতা করতে চাইলে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তা করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংসদের কার্যপ্রণালি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, সংসদের প্রথম দিন থেকেই তিনি বিরোধীদলের সদস্যদের সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্যের ভাষায় কথা বলে আসছেন।

এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাব দিতে গিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর প্রশ্নের ধরন নিয়ে মন্তব্য করেন। তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, সেটি প্রশ্ন ছিল, নাকি পল্টনের বক্তৃতা—তা তিনি বুঝতে পারেননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD