অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের কাগজপত্র পাঠানোর নির্দেশ

অবসর সুবিধার জন্য আবেদন করার পরও যারা এখনো ভাতার টাকা পাননি, সেই অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার। রবিবার (৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
নোটিশে বলা হয়েছে, গত ১৫ আগস্ট থেকে অবসর সুবিধার ভাতার টাকা পাঠানো হলেও যারা এখনো তা পাননি, তাদের আবেদনপত্রের রিসিটের কপি, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর এবং হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট পাঠাতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে, কুরিয়ারের মাধ্যমে অথবা ই-মেইলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের ঢাকার কার্যালয়ে পাঠানোর কথা বলা হয়েছে।
ই-মেইলে তথ্য ও কাগজপত্র পাঠানোর ক্ষেত্রে স্কুল শাখার জন্য school.terbb@gmail.com, কলেজ ও কারিগরি শাখার জন্য college.terbb@gmail.com এবং মাদরাসা শাখার জন্য madrasha.terbb@gmail.com ঠিকানা ব্যবহার করতে হবে।
বিজ্ঞাপন
নোটিশে আরও জানানো হয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ঢাকায় সরাসরি আসার প্রয়োজন নেই। এ বিষয়ে কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও সতর্ক করা হয়েছে।
পাশাপাশি দালাল ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে শিক্ষক-কর্মচারীদের পরামর্শ দেওয়া হয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড জানিয়েছে, নির্ধারিত ব্যাংক হিসাবে আইবাস++ অথবা ইএফটির মাধ্যমে অবসর সুবিধার অর্থ পাঠানো হবে।
বিজ্ঞাপন
নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পাঠিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।








