আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ১৪

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ থেকে ৫ জন দগ্ধ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারভর্তি একটি লরিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর লরিটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি এবং জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাত সাড়ে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। এ সময় পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৪ থেকে ৫ জন দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জিরাবো ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাফিজুর রহমান বলেন, ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের দুটি করে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ এবং আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








