ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, তদন্তে পুলিশ

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে পলিটেকনিকের সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১২টা ১০ মিনিটের দিকে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. হাবিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ কিছু আলামত জব্দ করেছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
এদিকে, মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনের ঘটনায় বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।








