Logo

ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, পুলিশের চাঞ্চল্যকর দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৪
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, পুলিশের চাঞ্চল্যকর দাবি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় টানা দুই দিন ধরে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় এসব ঘটনা ঘটানো হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোল্লা মো. শাহীন।

তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়। পরে বংশাল এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশের ভাষ্য অনুযায়ী, রায়হান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত।

পুলিশ জানায়, রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে লালবাগের জেন সাহা রোড এলাকায় অভিযান চালিয়ে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডেমরা থানার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।

পুলিশের দাবি, রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাগুলো একই ধরনের উদ্দেশ্যে ঘটানো হচ্ছে। জনমনে ভয় তৈরি করাই এর মূল লক্ষ্য বলে মনে করছে ডিবি। তবে এসব অভিযোগ পুলিশের তদন্ত ও বক্তব্যের ভিত্তিতে এসেছে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে রাত পর্যন্ত যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাজধানীর একাধিক এলাকায় বাস ও গণপরিবহনে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। একই সময়ে যাত্রাবাড়ী, মহাখালী ও সচিবালয়ের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন রিকশাচালক আহত হওয়ার তথ্যও জানিয়েছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ চেকপোস্ট বসানোর পাশাপাশি টহলও বাড়িয়েছে। ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD