আশুলিয়ায় কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৬

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার চত্বরে কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তার কাছে প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের বাউন্ডারির ভেতরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত নারীর নাম জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। বাকি পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি দোকানের সামনে থাকা জয়নব বেগমের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিহতের স্বজনেরা জানান, জয়নব বেগম জামগড়া এলাকায় দর্জির কাজ করতেন। ঘটনার সময় তিনি দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। বিস্ফোরণের পর ছিটকে আসা সিলিন্ডারের আঘাতে তিনি মারা যান।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, কারখানার গেটের সামনে জয়নব বেগম দর্জির কাজ করতেন। একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার শরীরে আঘাত করলে তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আরও পাঁচটি মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, একটি লরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
ঘটনায় আহত ১৪ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।








