সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্য চেয়ে চিঠি দিয়েছে সরকার

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশটির সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে এ বিষয়ে এখনো সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব পায়নি ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সৌদি আরবে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানার পর সরকার সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও অপ্রত্যাশিত উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের কাছ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে ইতোমধ্যে দেশটির সরকারকে চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম আবদুল বশির ও সিথি আক্তার।
শামা ওবায়েদ জানান, গত ১৪ অক্টোবর বাংলাদেশ জানতে পারে, সৌদি আরবে দেশটির আইনে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তা কার্যকরও করা হয়েছে। অথচ এ বিষয়ে আগে থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনকে কিছু জানানো হয়নি।
বিজ্ঞাপন
মৃত্যুদণ্ড কার্যকরের সম্ভাব্য কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রমকল্যাণ উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ওই দুই ব্যক্তি ব্যভিচারে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। সৌদি কর্তৃপক্ষ তাদের আইনে বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে থাকতে পারে এবং সে অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে সৌদি সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে চাননি প্রতিমন্ত্রী। তিনি জানান, ঘটনার প্রকৃত বিবরণসহ প্রয়োজনীয় সব তথ্য জানতে চাওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পরই বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, দুই দেশের সম্পর্ক ভালো রয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি সরকারের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। এ ছাড়া সৌদি আরবের একটি সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই সফরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কাজের জন্য অন্য দেশে অবস্থানরত বাংলাদেশিদের সে দেশের আইন ও বিধিবিধান অনুসরণ করতে হবে। একইভাবে বাংলাদেশে কোনো বিদেশি নাগরিক অপরাধ করলে তাকেও বাংলাদেশের আইন অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এটাও আমাদের জন্য একটা শিক্ষা হতে পারে। তবে এটি অবশ্যই দুর্ভাগ্যজনক ঘটনা। এ ধরনের খবর আমরা পেতে চাই না।’
মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে অবহিত না করার বিষয়টি সৌদি সরকারের কাছে আলাদাভাবে তোলা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, বাংলাদেশের জানার প্রয়োজন রয়েছে—এমন সব বিষয়েই সৌদি সরকারের কাছে তথ্য চাওয়া হয়েছে। তবে জবাব না পাওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘আমাদের যা যা জানার দরকার, সবকিছুই আমরা জানতে চেয়েছি। এখন তাদের উত্তর আসুক। এরপর আবার জিজ্ঞেস করলে বলতে পারব।’
বিজ্ঞাপন
সৌদি সরকারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা পাওয়ার পর দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং এ-সংক্রান্ত সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করা যাবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।








