ভাড়া বাড়িতে ডিজে পার্টি: পুলিশ সদর দপ্তরে সংযুক্ত সেই অতিরিক্ত ডিআইজি

রাজধানীর ভাটারায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে মাদক উদ্ধার ও নারীসহ ৮৪ জনকে আটকের ঘটনার পর তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে। তবে কী কারণে তাকে সংযুক্ত করা হয়েছে, সে বিষয়ে আদেশে কিছু উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং নারীসহ ৮৪ জনকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ। তাদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন।
বিজ্ঞাপন
শফিকুল ইসলাম বলেন, বাড়িটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। তিনি এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টি পরিচালিত হচ্ছিল। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ডিবি সূত্রে জানা গেছে, অভিযানে ওই বাড়ি থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল। হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে এটি পরিচালিত হতো। এ ঘটনায় কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, এয়ারবিএনবি একটি অনলাইন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বাড়ি, অ্যাপার্টমেন্ট বা কক্ষ স্বল্প কিংবা দীর্ঘ সময়ের জন্য অতিথিদের ভাড়া দেওয়া যায়।








