Logo

ওসিকে ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
২০ অক্টোবর, ২০২৬, ১৭:২১
ওসিকে ‘মাদকের ডিলার’ বললেন বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারকে ‘মাদকের ডিলার’ ও ‘পৃষ্ঠপোষক’ বলে অভিযোগ করেছেন পৌর বিএনপির সভাপতি কমল লোহানী। এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ার জন্য ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেছেন, মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে অভিযোগ অস্বীকার করে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথা জানিয়েছেন ওসি।

বিজ্ঞাপন

সোমবার (১৮ অক্টোবর) রাতে বদরগঞ্জ উপজেলার জামুবাড়ি পকিহানা রেলগেট খেলার মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কমল লোহানী।

বক্তব্যে তিনি বলেন, বদরগঞ্জে মাদকের বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। বর্তমান ওসি মাদকের পৃষ্ঠপোষকতা করছেন এবং তাঁর কারণেই এলাকায় মাদকের ছড়াছড়ি বেড়েছে।

কমল লোহানী বলেন, “বর্তমান যে ওসি সাহেব, উনি মাদকের ডিলার। উনি বদরগঞ্জে মাদকের পৃষ্ঠপোষক। উনার কারণে মাদক বেড়ে গেছে।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার লোহানী ভুট্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে ওসির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কমল লোহানী বলেন, মাদক নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেই। হাতে গোনা দু-একটি অভিযান হলেও সেগুলো রংপুর থেকে এসে পরিচালনা করা হচ্ছে। তাঁর অভিযোগ, মাদকবিরোধী কার্যক্রমে ওসির দৃশ্যমান ভূমিকা নেই।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের আমলে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তারা এখন মাসোহারা দিয়ে মাদক বিক্রি করছেন।

বিজ্ঞাপন

কমল লোহানী বলেন, ওসির বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই এবং তিনি তাঁর শত্রুও নন। বদরগঞ্জে তাঁর বাড়ি হওয়ায় এলাকার ভালো চান বলেও উল্লেখ করেন তিনি। ওসির বিরুদ্ধে তদন্ত করা হলে আরও অনেক বিষয় সামনে আসবে বলে দাবি করেন এই বিএনপি নেতা।

এদিকে অভিযোগের বিষয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, রাজনৈতিক নেতারা কে কী বলবেন, সেটি তাঁদের নিজস্ব বিষয়। তবে পুলিশ দায়িত্বের জায়গা থেকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওসি বলেন, “আমরা আমাদের জায়গা থেকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার আছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই নীতির আলোকে পুলিশও মাদক নির্মূলে গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

কমল লোহানীর সঙ্গে নিজের সম্পর্ক ভালো উল্লেখ করে ওসি জানান, তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ শুনে তিনি নিজেও হতভম্ব হয়েছেন।

বিজ্ঞাপন

কমল লোহানীর বক্তব্যের পর বদরগঞ্জে মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা এবং ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে কোনো তদন্তের ফলাফল বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD