Logo

শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র-গুলিসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
শরীয়তপুর
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৬
শরীয়তপুরে আগ্নেয়াস্ত্র-গুলিসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক
ছবি প্রতিনিধি।

শরীয়তপুরে সেনাবাহিনীর পৃথক অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ম্যাগজিন, মাদক ও নানা ধরনের প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারসহ দুইজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শরীয়তপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পৌরসভার স্বর্ণঘোষ এলাকার হাওলাদার মন্টু তালুকদারের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন এবং একটি ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও সেনাসদস্যরা দুইটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, একটি পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম কার্ড ও মেমোরি কার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী জব্দ করেন।

তল্লাশিকালে ওই বাড়িতে অবস্থানরত মন্টু তালুকদারের স্ত্রী ও জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়।

অন্যদিকে, একই রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যরের নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া ডামুড্যা উপজেলায় পরিচালিত পৃথক অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান বলেন,‘ নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। গতকাল রাতে জেলার তিনটি স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ সামগ্রীসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD