শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ৪৫ ঘর পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৪৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজ ও আসবাবপত্রসহ সব সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছেন নিম্ন আয়ের ভাড়াটিয়ারা। ভুক্তভোগীদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকায় ডেকু কারখানা সংলগ্ন তানিয়া মেডিকেল হাসপাতালের মালিক খোকন মিয়ার ভাড়া বাসা ও পাশের নুরুল ইসলামের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খোকন মিয়ার ভাড়া বাসার একটি কক্ষে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে খোকন মিয়ার বাড়ির ৩৫টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনের তীব্রতা বেশি থাকায় তা দ্রুত পাশের নুরুল ইসলামের বাড়িতে ছড়িয়ে পড়ে এবং সেখানেও ১০টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের অধিকাংশই পাশের ডেকু কারখানার পোশাক শ্রমিক। ঘটনার সময় তারা কর্মস্থলে থাকায় ঘরের কোনো মালামালই বের করতে পারেননি।
বিজ্ঞাপন
বাড়ির মালিক খোকন মিয়া বলেন, ‘আমার বাড়ির প্রায় সব ঘর পুড়ে গেছে। ভাড়াটিয়াদের বড় ক্ষতি হয়ে গেল।’
আরেক মালিক নুরুল ইসলাম জানান, পাশের বাড়ি থেকে আগুন এসে তার ১০টি ঘর পুড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা মঞ্জিল খান বলেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে স্থানীয়রা পানি দিয়ে নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সর্বস্ব হারানো পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।








