মৌলভীবাজারে গণভোট অজানা, বিভ্রান্তিতে সাধারণ মানুষ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে নির্বাচনী হাওয়া বইলেও মৌলভীবাজারের চা বাগান ও আশপাশের গ্রামাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে গণভোট নিয়ে রয়েছে চরম অজ্ঞতা ও বিভ্রান্তি। গণভোটে কী বিষয়ে ভোট হবে, কিংবা ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট কীভাবে দিতে হবে—এ সম্পর্কে অধিকাংশ চা শ্রমিক ও সাধারণ ভোটারই অবগত নন। ফলে অনেকেই না বুঝেই ভোট দিতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করছেন।
বিজ্ঞাপন
আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিহাস বলছে, বাংলাদেশে সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ৬ আগস্ট, রাষ্ট্রপতি শাসনব্যবস্থা থেকে সংসদীয় শাসনব্যবস্থায় ফিরে যাওয়ার লক্ষ্যে। স্বাধীনতার পর এ পর্যন্ত মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে।
কিন্তু মৌলভীবাজারের চা বাগান ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে গণভোট নিয়ে কোনো দৃশ্যমান প্রচার-প্রচারণা চোখে পড়ছে না। ভোটাধিকার থাকলেও গণভোটের বিষয়বস্তু অনেকের কাছেই রয়ে গেছে অজানা। অন্তর্বর্তীকালীন সরকার ‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানে সাংবিধানিক গণভোটকে সামনে রেখে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করলেও তা মূলত জেলা শহরকেন্দ্রিক থাকায় চা শ্রমিক ও গ্রামীণ ভোটাররা এর বাইরে রয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
ডিজিটাল বিলবোর্ড ও গাড়িযোগে প্রচারণা চালানো হলেও মৌলভীবাজারে এসব কার্যক্রম শহর এলাকায় সীমাবদ্ধ। নির্বাচন কমিশন গণভোট বিষয়ে কাজ করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ চোখে পড়েনি।
চা বাগানের শ্রমিক ও সাধারণ মানুষরা বলেন, ভোট দিতাম আগে, কিন্তু গণভোট কী জিনিস বুঝি না। কেউ আমাদের এসে কিছু বলে না। অন্য একজন বলেন, “টিভিতে একটু শুনেছি গণভোটের কথা, কিন্তু পরিষ্কার করে কেউ বুঝায়নি। গ্রামে অনেকেই বিভ্রান্ত।”
বিজ্ঞাপন
আরেক শ্রমিকের ভাষায়, ‘ভোট দিতে গেলে গণভোটে কীভাবে মত দেব, সেটাই জানি না। কেউ শেখায়নি, তাই চিন্তায় আছি।’
১০ নম্বর নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ বলেন, ‘আমাদের ইউনিয়নে কিছু ব্যানার থাকলেও যেভাবে সরকারিভাবে গণভোট প্রচারণা হওয়ার কথা ছিল, সেভাবে তা দেখা যাচ্ছে না।’
১০ নং নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ বলেন, আমাদের ইউনিয়নে বিভিন্ন ব্যানার গণভোটের প্রচারণা চলছে। যেভাবে সরকার করার কথা ছিলো, সেভাবে গণভোট প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না।
বিজ্ঞাপন
মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের বিষয়ে প্রচার-প্রচারণা চলমান রয়েছে। এর পাশাপাশি আরও ব্যাপকভাবে প্রচার কার্যক্রম জোরদার করা হবে।








