অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার জাকির’

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, রিভলবার ও চার রাউন্ড গুলিসহ মো. জামিল হোসেন ওরফে ‘শুটার জাকির’ ওরফে জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিবি জানায়, বুধবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় জাকিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, কালো রঙের একটি বিদেশি রিভলবার এবং সেটির চেম্বারে থাকা আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি খালি ম্যাগাজিনও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের প্রাথমিক তদন্তের বরাতে ডিবির কর্মকর্তা বলেন, জাকিরকে পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিলেন বলে পুলিশের দাবি।
ডিবির ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে জাকির কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে মিরপুরে কার্যক্রম চালাতেন। জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তিনি কাজ করছিলেন বলেও প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
বিজ্ঞাপন
এর আগে গত ৭ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে মিরপুর মডেল থানার সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই ঘটনার পর জাকির পালিয়ে যেতে সক্ষম হন। তবে তার সহযোগী হিসেবে উল্লেখ করা শুটার মো. কাওছার ভুঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওই ঘটনায় মিরপুর মডেল থানায় দুটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগ আনা হয়েছে। অন্য মামলাটি করা হয়েছে অস্ত্র আইনে।
পুলিশ জানিয়েছে, মামলা দুটির তদন্ত বর্তমানে মিরপুর মডেল থানা পুলিশ পরিচালনা করছে। গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে আনা অভিযোগ ও তার অপরাধচক্রে সংশ্লিষ্টতার বিষয়গুলো তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।








