Logo

ডাকাত দলে জড়িত র‍্যাব সদস্য, অস্ত্র-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩১
ডাকাত দলে জড়িত র‍্যাব সদস্য, অস্ত্র-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‍্যাবের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত এক জোড়া হ্যান্ডকাফ, কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ ও একটি হাইয়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে বনানী থানার ‘এ’ ব্লকের ৪ নম্বর সড়কে খায়ের প্যালেসের সামনে অভিযানটি চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে ডিবির গুলশান বিভাগ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মাসুদ রানা বর্তমানে র‍্যাবে কর্মরত। তিনি র‍্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাসুদ রানাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। এই বিষয়টি আজকে সকালেই ঘটেছে এবং সাথে সাথে ডিবি কর্তৃক তাঁকে (মাসুদ রানা) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে তাঁকে র‍্যাব কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে র‍্যাবের পক্ষ থেকে একজন মেজরের নেতৃত্বে একটি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডিবি বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কি না, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কোথায় এবং অতীতে তারা কোনো অপরাধে জড়িত ছিলেন কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগের পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে। অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD