Logo

শফিকুল ইসলাম মাসুদকে দলের সব পদ থেকে বহিষ্কার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৯:০৭
শফিকুল ইসলাম মাসুদকে দলের সব পদ থেকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার কারণে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে জেলা বিএনপির ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে তাকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শেরপুর-১ আসনে দল ইতিমধ্যে প্রার্থী মনোনীত করেছে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সেই নির্বাচনে অংশ নেওয়ার কারণে আওয়ামী লীগের বিরোধিতা ও চাপের মুখে পড়েছিলেন এবং চাকরি হারিয়েছিলেন।

বিএনপি সূত্র জানায়, শফিকুল ইসলাম মাসুদ নিজস্বভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, যা দলের নীতি ও সিদ্ধান্তের পরিপন্থী। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতে তাকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

এই পদক্ষেপের মাধ্যমে জেলা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সুস্পষ্ট বার্তা দিতে চাচ্ছে যে, দলের সিদ্ধান্ত অমান্য করলে শৃঙ্খলা অনুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD