Logo

সিলেটে পৌঁছালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ২০:৪৩
সিলেটে পৌঁছালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তিনি বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিজ্ঞাপন

বিএনপি সূত্র জানায়, সিলেট সফরের মধ্য দিয়েই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারাভিযান শুরু করছেন। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি হজরত শাহজালাল ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে তার সিলেট পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন জানান, সিলেট থেকেই দলের নির্বাচনি প্রচারণা কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী তারেক রহমান রাত ৮টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছাবেন এবং রাতে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরদিন সকালে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন

সিলেটের কর্মসূচি শেষে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। এসব সমাবেশে তিনি দলের নির্বাচনি বার্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানে অবস্থিত তার বাসভবন থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর, যা দলটির নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ ও প্রত্যাশা তৈরি করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD