হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি মাজারে উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মাজার প্রাঙ্গণের মসজিদে ইশার নামাজ আদায় করেন।
বিজ্ঞাপন
এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। রাত ৮টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নিতেই তারেক রহমানের সিলেট সফর। বিমানবন্দরে পৌঁছালে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসানসহ দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
বিজ্ঞাপন
বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান বিএনপি চেয়ারম্যান। সেখানে জিয়ারত শেষে তিনি খাদিমনগরে হযরত শাহপরান (রহ.)-এর মাজারে যাওয়ার কথা রয়েছে।
মাজার জিয়ারত শেষে তারেক রহমান দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন। সেখানে কিছু সময় অবস্থানের পর তিনি নগরের একটি হোটেলে রাত্রিযাপন করবেন।
বিজ্ঞাপন
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।








