Logo

নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫২
নিহত জামায়াত নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শেরপুরে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে তিনি হেলিকপ্টারে করে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা স্কুল মাঠে অবতরণ করেন।

বিজ্ঞাপন

শেরপুরে পৌঁছানোর পর সরাসরি শ্রীবরদী উপজেলার ঝিনাইগাতী এলাকায় যান জামায়াত আমির। সেখানে গত ২৮ জানুয়ারি বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের বাড়িতে উপস্থিত হন তিনি। এ সময় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। কবর জিয়ারতের মাধ্যমে তিনি নিহত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে দলীয় আন্দোলনের একজন ত্যাগী কর্মী হিসেবে স্মরণ করেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় কবর জিয়ারতের কথা থাকলেও সফরসূচির কারণে জামায়াত আমির নির্ধারিত সময়ের কিছু পরে শেরপুরে পৌঁছান। পৌঁছানোর পর সময়ক্ষেপণ না করে তিনি সরাসরি শ্রীবরদীর কর্মসূচিতে অংশ নেন।

কবর জিয়ারত ও পারিবারিক সাক্ষাৎ শেষে জামায়াত আমির শেরপুর শহরে যান। সেখানে তিনি শহীদ দারোগ আলী পৌর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শেরপুর সফরের মাধ্যমে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD