ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব

কুমিল্লা–৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ঋণখেলাপি হওয়ার দায়ে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব।
রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগ বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখার পর সাংবাদিকদের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
হাসনাত আবদুল্লাহ বলেন, আদালতের এ রায়ে জনগণের স্বার্থ রক্ষা হয়েছে। অর্থনৈতিক অনিয়ম করে কেউ জনগণের ভোট নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পাওয়া উচিত নয়। তিনি আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বলেন, নির্বাচিত হলে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তার সঙ্গে আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী উপস্থিত ছিলেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল করেছিলেন। তবে আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেন, ফলে তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আর থাকছে না বলে আইনজীবীরা জানান।
বিজ্ঞাপন
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রোববার এ আদেশ দেন।
আদালতে মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগ তুলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন নির্বাচন কমিশনে করেন হাসনাত আবদুল্লাহ। অভিযোগ যাচাই-বাছাই শেষে গত ১৭ জানুয়ারি বিকেলে ইসি মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মুন্সী হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি হাইকোর্ট তা খারিজ করেন। পরে তিনি আপিল বিভাগে গেলে সেখানেও আবেদন নাকচ হয়।








