Logo

আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮
আজ খুলনা-যশোরে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলে টানা তিন দিনের নির্বাচনি সফর শেষে আজ সোমবার খুলনা ও যশোরে দুটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন

খুলনা ও যশোরে অনুষ্ঠিতব্য সমাবেশকে সামনে রেখে রবিবার (১ ফেব্রুয়ারি) পৃথক পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির দায়িত্বশীল নেতারা। এসব সংবাদ সম্মেলনে সমাবেশের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আয়োজনের বিষয়টি তুলে ধরা হয়।

সফরসূচি অনুযায়ী, সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় যাবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ-সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে দুপুর ১২টায় সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। দুপুর ২টা ৪০ মিনিটে আবার হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, জনসভাকে কেন্দ্র করে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আশপাশের জেলা-উপজেলা থেকেও বিপুলসংখ্যক মানুষ জনসভায় অংশ নেবেন বলে তিনি আশা করেন।

সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ, উপকূলীয় অঞ্চলের মানুষের জান-মাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালু, খুলনায় গ্যাস সংযোগ নিশ্চিতকরণ এবং নতুন ইকোনমিক জোন নির্মাণসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণের নানা পরিকল্পনা তার বক্তব্যে গুরুত্ব পাবে বলে জানিয়েছে খুলনা মহানগর বিএনপির নেতারা।

যশোরে সমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট নেই। যারা সমাবেশে আসবেন, তারা ভালোবাসা ও আবেগ থেকেই আসবেন।

বিজ্ঞাপন

তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। সেদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করেন। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করে ঢাকায় ফেরেন।

সবশেষ ২৯ জানুয়ারি উত্তরাঞ্চলের সফর শুরু করেন বিএনপি চেয়ারম্যান। তিন দিনের সেই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনি সমাবেশ করেন এবং শনিবার ঢাকায় ফেরেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ২২টি নির্বাচনি সমাবেশে বক্তব্য দিয়েছেন তারেক রহমান।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আজকের দুটি জনসভা বিএনপির নির্বাচনি প্রচারণায় নতুন গতি যোগ করবে বলে আশা করছেন দলীয় নেতারা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD