Logo

ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মার্চ, ২০২৬, ২১:২৯
ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ
ছবি: সংগৃহীত

দেশে রাজনৈতিক দল পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, এক দলের জায়গায় আরেক দল ক্ষমতায় এলেও জনগণের প্রত্যাশিত উন্নতি এখনও দৃশ্যমান নয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টির ঢাকা সাংগঠনিক বিভাগের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় শুধু স্লোগান বদলেছে, কিন্তু বাস্তব চিত্র অপরিবর্তিত রয়ে গেছে। আগে রাষ্ট্রপতি বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলতেন, এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলছেন—কিন্তু তাতে সাধারণ মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। এক দলের স্থানে আরেক দল বসেছে, কিন্তু জনগণের ভাগ্যের প্রকৃত উন্নয়ন ঘটেনি।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, রাজনৈতিক পছন্দের কারণে একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় তিনি আরও বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বাড়লেও এ বিষয়ে সুশীল সমাজ ও নারী অধিকারকর্মীদের অনেকেই নীরব রয়েছেন। তবে জাতীয় নাগরিক পার্টি এ ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে নীরব থাকবে না।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, জনগণের অধিকার রক্ষায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে এনসিপি সবসময় সক্রিয় ভূমিকা পালন করবে।

ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD