Logo

তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মার্চ, ২০২৬, ১৫:৫৫
তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
ফাইল ছবি

আজ শনিবার (৭ মার্চ) বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস। দিনটিকে স্মরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।

বিজ্ঞাপন

২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দলটির নেতাকর্মীরা এই দিনটিকে ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করে আসছেন।

গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হয় এবং সেখানে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ করে বিএনপি। দলটির নেতাদের দাবি, সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নির্যাতনের ফলে তার মেরুদণ্ড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বিজ্ঞাপন

বিএনপির দাবি অনুযায়ী, গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় দেড় বছর কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান।

পরবর্তীতে ১/১১-পরবর্তী সময় এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলেও তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় বলে অভিযোগ করে বিএনপি। দলটির ভাষ্য অনুযায়ী, এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখার একটি পরিকল্পিত প্রচেষ্টা।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় বিদেশে অবস্থান এবং নানা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে। সেই প্রেক্ষাপটে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন এবং বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দিবসটি উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নেতাকর্মীরা বলছেন, এই দিনটি তাদের কাছে রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের একটি গুরুত্বপূর্ণ স্মারক।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD