শেখ হাসিনা ভারত থেকে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন: ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তিনি বলেন, বিদেশে বসে দেশের পরিস্থিতি অশান্ত করার এমন উদ্যোগ একটি গুরুতর অপরাধ।
বিজ্ঞাপন
রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ‘মায়ের ডাক’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার নেতৃত্বে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, গত দেড় দশকে বহু মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন এবং এসব ঘটনার জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি। গুম ও হত্যার মতো ভয়াবহ ঘটনার চেয়েও উদ্বেগজনক বিষয় হলো এসব বিষয়ে দায়বদ্ধতার অভাব।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গুম হওয়া মানুষের পরিবারের সদস্যরা এখনও নানা কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন। তাদের সন্তানদের লালন-পালন, শিক্ষা ও সম্মানজনকভাবে জীবনযাপন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এতদিন এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে দ্রুত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং একটি লিখিত প্রস্তাবও পাঠাবেন। গুমের শিকার পরিবারগুলোর জন্য নিয়মিত ভাতা চালু করা প্রয়োজন, যাতে তারা আর্থিক সহায়তা পেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
মির্জা ফখরুল বলেন, যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে, তাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করা এবং মানবিক সহায়তা দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সরকার এ বিষয়ে উদ্যোগ নিলে তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে উঠবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ‘মায়ের ডাক’ সংগঠনের আহ্বায়ক সানজীদা আখতার তুলির সভাপতিত্বে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং গুম হওয়া পরিবারের কয়েকজন সদস্য।
অনুষ্ঠানে বক্তারা গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট ও সংগ্রামের বিষয় তুলে ধরেন এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।








