সংস্কার সভা বাস্তবায়ন না হলে ১২ মার্চ সংসদে যাবো: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ক্ষমতাসীন বিএনপি সরকারকে সতর্ক করে বলেছেন, দ্রুতগতিতে সংস্কার সভা বাস্তবায়ন করতে হবে। তা না হলে আগামী ১২ মার্চ সংসদ ভবনের সামনে জনসমাবেশের মাধ্যমে চাপ সৃষ্টি করা হবে।
বিজ্ঞাপন
সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।
তিনি বলেন, অভ্যুত্থানে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে অনেকেই সংসদে পৌঁছেছে। ১২ তারিখ সংসদ অধিবেশন। সংসদেই সবকিছু হবে, ভালো কথা। তবে সংসদে রিফর্ম অ্যাসেম্বলি বা সংস্কার সভা নামে একটি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তাই দ্রুত এই সংস্কার সভা কার্যকর করার উদ্যোগ নিতে হবে। তা না হলে আমরা জনগণের পক্ষ থেকে ১২ তারিখ সংসদ ভবনের সামনে অবস্থান নেব।
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সংসদে বসে সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের নিয়ে অধিবেশন চলতে দিতে পারি না। গুন্ডারা যারা সংসদে আছে, তাদের সংস্কার করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সবার কাজ শুরু করা উচিত।
তিনি বিশেষভাবে পরিবেশ ও স্থানীয় ইস্যু নিয়েও বক্তব্য রাখেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খুলনায় ভারত কর্তৃক স্থাপিত কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য এবং খুলনার প্রাণবৈচিত্রের জন্য বড় হুমকি সৃষ্টি করছে। এটি দ্রুত বন্ধ করতে হবে। শ্রীলঙ্কার গণঅভ্যুত্থান থেকেও শিক্ষা নেওয়া উচিত; তারা ভারতকে লাল কার্ড দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র বন্ধ করিয়েছে।
বিজ্ঞাপন
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ।








