জনগণের প্রত্যাশা পূরণে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু: ফারুক

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এমপি বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষের আশা–আকাঙ্ক্ষা পূরণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নবীন দলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনের সময় বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের প্রত্যাশা পূরণের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার এখন সেই লক্ষ্য বাস্তবায়নের কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু করেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, তারেক রহমানকে যেন সাহস, শক্তি ও সুস্থতা দান করা হয়, যাতে তিনি দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারেন।
বিজ্ঞাপন
জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর নির্বাসনে থেকেও মামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে তারেক রহমান আন্দোলন-সংগ্রামে কর্মীদের সাহস জুগিয়েছেন এবং ৩১ দফা কর্মসূচির মাধ্যমে শক্তি দিয়েছেন। আজ তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন, যার প্রমাণ ফ্যামিলি কার্ড কর্মসূচি।
নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান গণতন্ত্রকে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন—আর গুম হবে না, খুন হবে না, হাইজ্যাক হবে না, মিথ্যা মামলা হবে না।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দুঃখ–দুর্দশা লাঘবের লক্ষ্যেই তিনি সরকার গঠন করেছেন।
বিজ্ঞাপন
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, এই সরকার কোনো ব্যক্তির জন্য গঠন করা হয়নি, দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করাই এর লক্ষ্য। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তিনি বলেন, অতীতে গণতন্ত্র রক্ষার আন্দোলনে অসংখ্য নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন। সেই অর্জনকে ধরে রাখতে হলে সবাইকে সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সংসদে সরকার ও বিরোধী দল উভয়েই তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে—এটাই জনগণের প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
রমজানের পবিত্র দিনে তিনি সবাইকে তারেক রহমানের জন্য দোয়া করার আহ্বান জানান, যাতে তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যে অঙ্গীকার করেছেন, তা সফলভাবে বাস্তবায়ন করতে পারেন।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা, মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








