আমাদেরকে জুলাইয়ের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করছে: পার্থ

বিরোধী রাজনৈতিক অঙ্গনে ‘জুলাই জাতীয় সনদ’কে ঘিরে বিভক্তি তৈরির চেষ্টা চলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে আমাদের অবস্থানকে জুলাইয়ের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা করছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বিষয়ক নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আলোচনায় অংশ নিয়ে পার্থ দাবি করেন, বিরোধী রাজনীতির ভেতরে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে একটি কৌশলগত অবস্থান তৈরি করার প্রয়াস চলছে, যা গণতান্ত্রিক ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (৩০ মার্চ) কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণের জন্য সংসদে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেন। ওই প্রস্তাবকে কেন্দ্র করেই সংসদে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
পার্থ তার বক্তব্যে আরও স্মরণ করিয়ে দেন, গত ১২ মার্চ সংসদে শোক প্রস্তাবের আলোচনায় তিনি বলেছিলেন—এই সংসদের বড় বৈশিষ্ট্য হচ্ছে, দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় যারা ছিলেন, তাদের মধ্যে কেউই এখন সংসদের বাইরে নেই। এই প্রেক্ষাপটে তিনি সব রাজনৈতিক পক্ষকে গণতন্ত্রের প্রশ্নে একসঙ্গে থাকার আহ্বান জানান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঈদুল ফিতরসহ অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ পর্যন্ত মূলতবি ছিল। পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অধিবেশন পুনরায় শুরু হয়।
সংসদে চলমান আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের বিভিন্ন দিক উঠে আসছে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








