Logo

জুলাই যোদ্ধাদের সঙ্গে অধিদপ্তরে দুর্ব্যবহারের অভিযোগ হান্নান মাসউদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ, ২০২৬, ১৮:০৯
জুলাই যোদ্ধাদের সঙ্গে অধিদপ্তরে দুর্ব্যবহারের অভিযোগ হান্নান মাসউদের
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে সেবা নিতে গিয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই যোদ্ধারাও হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হচ্ছেন বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। একই সঙ্গে তিনি জানতে চান, অধিদপ্তরটির জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া হবে কি না এবং অভিযোগগুলো নিরসনে সরকার কী পদক্ষেপ নিচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলেন আব্দুল হান্নান মাসউদ।

প্রথমে তিনি জানতে চান, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে কি না এবং মন্ত্রণালয়ের পরিধি বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না।

বিজ্ঞাপন

জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ, শহীদ পরিবার ও আহতদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে। তবে আপাতত মন্ত্রণালয়ের নাম বা কাঠামোর সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান’ যুক্ত করে আরও বড় করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

এরপর সম্পূরক প্রশ্নে আব্দুল হান্নান মাসউদ বলেন, অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলেও সেখান থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা। বিভিন্ন পর্যায়ে তাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অধিদপ্তরে গেলে অনেক সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।

তিনি বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়েই তারা রাজনীতিতে এসেছেন। সে জায়গা থেকে জুলাই যোদ্ধা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছে কি না, সেটি জানতে চান তিনি।

বিজ্ঞাপন

সংসদ সদস্য আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কর্মকর্তারা অনেক সময় দাবি করেন যে, প্রয়োজনীয় বাজেট না থাকায় তারা সঠিকভাবে কাজ করতে পারছেন না। তাই অধিদপ্তরের জন্য কত টাকা বরাদ্দ দেওয়া হবে, সেই বাজেট নিয়মিত ও যথাসময়ে দেওয়া হবে কি না— সেটিও তিনি স্পষ্ট করতে বলেন।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সেবা নিতে আসা মানুষদের যেসব হয়রানি ও দুর্ব্যবহারের কথা শোনা যাচ্ছে, সেগুলো বন্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া জরুরি।

বিজ্ঞাপন

জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময় হয়েছে। এখনও দুই মাস পূর্ণ হয়নি। এই সময়ের মধ্যে তিনি যতজন জুলাই যোদ্ধা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেছেন, সবার সঙ্গে যথাযথ সম্মান ও গুরুত্বের সঙ্গে আচরণ করার চেষ্টা করেছেন বলে জানান।

মন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, জুলাই যোদ্ধাদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর একসঙ্গে কাজ করবে। অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সেবা গ্রহণে যাতে কেউ হয়রানি বা দুর্ব্যবহারের শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD