আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান: সংসদে জামায়াত আমির

জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও ‘জুলাই সনদ’ ইস্যুতে আলোচনার সূচনায় তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
বক্তব্যের শুরুতেই দেশের স্বাধীনতার দীর্ঘ পথচলার প্রসঙ্গ তুলে ধরে শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও মানুষের প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন এখনো সম্পন্ন হয়নি। এ সময়ে বহু সরকার ক্ষমতায় এসেছে এবং পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি—এমন অনুভূতি এখনো বিদ্যমান।
স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, স্পিকার একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জাতির গর্ব। একই সঙ্গে তিনি নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে বলেন, আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান।
বিজ্ঞাপন
সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের মূল্যবোধকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনার বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ঐক্য ও দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেছেন শফিকুর রহমান। তবে জাতীয় সংসদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এ ধরনের দাবি এই প্রথমবার তুলে ধরলেন তিনি।








