Logo

মিথ্যা নাকি অসত্য : বিতর্কে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৮:১৯
মিথ্যা নাকি অসত্য : বিতর্কে জামায়াত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে ‘মিথ্যা’ ও ‘অসত্য’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা ও প্রেক্ষাপট নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সংসদে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করে ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এমনভাবে বক্তব্য উপস্থাপন করতে সক্ষম যে তিনি বিষয়বস্তুর উপাদান ঠিক রেখে উপস্থাপনের ধরন বদলে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে তুলে ধরতে পারেন। এ দক্ষতার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি আরও উল্লেখ করেন, গতকাল দেওয়া তার বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন যে তিনি একটি অসত্য কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, বক্তব্যটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে তিনি মনে করেন এবং বিষয়টি স্পষ্ট করার জন্যই সংসদে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন

এ সময় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ হস্তক্ষেপ করে বলেন, পয়েন্ট অব অর্ডার চলমান বা আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত, গতকালের বিষয় পুনরায় উত্থাপন করা নিয়মের মধ্যে পড়ে না। তিনি এ ধরনের বিষয় পুনরায় আলোচনায় না আনার পরামর্শ দেন।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে ‘মিথ্যা’ এবং ‘অসত্য’—এই দুটি শব্দ ব্যবহার করেছেন, যা তার মতে অসংসদীয়।

তিনি উল্লেখ করেন, ‘মিথ্যা’ শব্দটি সংসদীয় ভাষায় আপত্তিকর হওয়ায় তা এক্সপাঞ্জ করার অনুরোধ জানান। তবে ‘অসত্য’ শব্দটি তিনি গ্রহণযোগ্য বলে মনে করেন।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও ব্যাখ্যা করে বলেন, গতকালের বক্তব্যে তিনি বিরোধীদলীয় নেতার একটি মন্তব্যকে ‘অসত্য’ হিসেবে উল্লেখ করেছিলেন, কারণ তার মতে সংসদে উত্থাপিত একটি প্রস্তাব নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে উপস্থাপন করা হয়নি বা ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে তিনি মনে করেন। এ কারণেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

পরে বিরোধীদলীয় নেতা আবারও নিজের অবস্থান তুলে ধরে বলেন, একই বিষয়ের একটি প্রস্তাব আগে একজন স্বতন্ত্র সংসদ সদস্য দিয়েছিলেন। পরে সেটিই ভিন্ন নামে উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবের বিষয়বস্তু একই থাকলেও নাম পরিবর্তন হয়েছে, এবং তিনি পূর্বের তথ্যের ভিত্তিতেই মন্তব্য করেছিলেন, যেখানে কোনো ভুল উদ্দেশ্য ছিল না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD