Logo

হাসনাতের বক্তব্য নিয়ে পয়েন্ট অব অর্ডার পানিসম্পদ মন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৮:২৩
হাসনাতের বক্তব্য নিয়ে পয়েন্ট অব অর্ডার পানিসম্পদ মন্ত্রীর
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবকে কেন্দ্র করে বিরোধী মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মন্ত্রীদের নিয়ে করা একটি মন্তব্যের পর তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে জ্বালানি, খনিজ ও বিদ্যুৎ মন্ত্রীর কাছে একটি সম্পূরক প্রশ্ন করার সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, মন্ত্রীদের মধ্যে অনেক ক্ষেত্রে প্রশ্ন এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তার এই মন্তব্যকে ঘিরেই পরে সংসদে আপত্তি ওঠে।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, একজন সংসদ সদস্যের করা মন্তব্যে সব মন্ত্রীদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার প্রবণতা রয়েছে—এ ধরনের সাধারণীকরণমূলক বক্তব্য তার দৃষ্টিতে আপত্তিকর।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, এতে তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং সংশ্লিষ্ট বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে অপসারণ করা উচিত।

তিনি আরও উল্লেখ করেন, একজন মন্ত্রীর কাছে করা প্রশ্নের উত্তর ওই মন্ত্রীই দেবেন, কিন্তু সকল মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে তার অভিমত।

বিজ্ঞাপন

এ বিষয়ে সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ব্যাখ্যা দিয়ে বলেন, যদি বক্তব্যটি সাধারণভাবে ‘মন্ত্রীরা’ উল্লেখ করে বলা হয়ে থাকে, তাহলে তার ভাষার কিছু অংশ সংশোধনযোগ্য হতে পারে। তবে যদি নির্দিষ্ট কোনো মন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়ে থাকে, তাহলে সেই বক্তব্য বহাল থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD