Logo

শুধু ‘জুলাই সনদ’ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ২০:০৭
শুধু ‘জুলাই সনদ’ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার শুধু ‘জুলাই সনদ’-এর বিরোধিতা করছে না, বরং তাদের সামগ্রিক কর্মকাণ্ডেই রাষ্ট্রীয় সংস্কারের প্রতি অনাগ্রহ স্পষ্ট—এমন অভিযোগ উঠেছে এক সেমিনারে। জনরায়ের বাস্তবায়নে বিলম্ব এবং সাংবিধানিক সংস্কারে গড়িমসি দেশের রাজনৈতিক সংকটকে আরও দীর্ঘায়িত করছে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে “গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা” শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সরকার জনমতের প্রতি যথাযথ সম্মান না দেখিয়ে নানা ধরনের আইনি ব্যাখ্যার আশ্রয় নিচ্ছে। এই অবস্থান শুধু একটি নির্দিষ্ট প্রস্তাবের বিরোধিতা নয়, বরং সামগ্রিক সংস্কার প্রক্রিয়ার বিপরীতে অবস্থান নেওয়ার ইঙ্গিত দেয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের পর থেকে ক্ষমতাসীন দলগুলো বারবার নিজেদের সুবিধামতো এর ব্যাখ্যা ও সংশোধন করেছে, যার ফলে একটি স্থায়ী রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত হওয়ায়, এটি বিকেন্দ্রীকরণ না করা হলে ভবিষ্যতেও যে কোনো সরকার স্বৈরতান্ত্রিক প্রবণতায় ঝুঁকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বক্তারা উল্লেখ করেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন জরুরি। অন্যথায় রাজনৈতিক পরিবর্তনের পরও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব হবে না এবং পুনরায় ক্ষমতার এককেন্দ্রিকতা ফিরে আসতে পারে।

সেমিনারে আরও বলা হয়, গণভোট বা জনমতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ ক্ষেত্রে ব্যত্যয় ঘটলে শুধু আইনি নয়, নৈতিক বৈধতার সংকটও তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

সেমিনারে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা জনরায়ের যথাযথ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD