ওয়াজে ‘কুৎসিত’ মন্তব্যের বিচার দাবি রুমিন ফারহানার, আপত্তি স্পিকারের

ওয়াজ মাহফিলে নারী সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর ও অশোভন বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি এ বিষয়ে বিচার দাবি করেন এবং সংশ্লিষ্ট বক্তব্যের তদন্তের আহ্বান জানান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ অভিযোগ উত্থাপন করেন। বক্তব্যের শুরুতে তিনি নিজের এক সহকর্মীর আগের বক্তব্যকে দুঃখজনক বলে উল্লেখ করেন।
পরে তিনি একটি ইংরেজি গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে বলেন, সংসদে উপস্থিত তিনজন নারী সংসদ সদস্যের বিরুদ্ধে আরেক সংসদ সদস্য ওয়াজ মাহফিলে কটূক্তিমূলক ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন।
বিজ্ঞাপন
রুমিন ফারহানা বলেন, এ ধরনের বক্তব্য নারীদের মর্যাদাহানিকর এবং তিনি এ বিষয়ে সংসদের কাছে আনুষ্ঠানিক বিচার দাবি করেন।
তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি সংসদের মর্যাদা ও নারীদের সম্মানের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এটি গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।
তবে তার দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার সংসদীয় বিধিমালা উল্লেখ করে বলেন, সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করার সুযোগ নেই।
বিজ্ঞাপন
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সংসদ সদস্য আমির হামজা-কে কিছু মন্তব্য করতে শোনা যায়, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভিডিওতে তাকে নারী সংসদ সদস্যদের উল্লেখ করে কিছু মন্তব্য করতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দীর্ঘ আলোচনার অংশ হিসেবে তিনি মন্তব্য করেছেন এবং নির্দিষ্ট প্রেক্ষাপট ছাড়া তা ব্যাখ্যা করা কঠিন। পাশাপাশি তিনি গণমাধ্যমের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তোলেন।








