‘দুই মাসের মধ্যে রাজধানী ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

চলমান বৈশ্বিক যুদ্ধ ও অস্থিরতার কারণে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে শহর ছাড়তে বাধ্য হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকার ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ উদ্বেগজনক আশঙ্কার কথা জানান।
হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত শুধু আন্তর্জাতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়, এর প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও গভীরভাবে পড়তে পারে। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত যদি দ্রুত থামানো না যায়, তাহলে দেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এখনই সবাইকে সচেতন হতে হবে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
হুইপ জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন ধৈর্য ও সচেতনতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আগাম সতর্কতা অবলম্বন করে নিজেদের ও পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন যে, বৈশ্বিক সংঘাতের ফলে জ্বালানি সংকট, অর্থনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকা থেকে মানুষকে স্থানান্তরিত হতে পারে। এমন পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।








