Logo

শোকজের কবলে এনসিপির ৭ নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ২১:৩৬
শোকজের কবলে এনসিপির ৭ নেতা
ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক কমিটির সাত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দুইজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং বাকি পাঁচজনকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) এনসিপির দপ্তর সেল সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শোকজ পাওয়া দুই নেতা হলেন— ঢাকা জেলা উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম তামিম এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মশিউল ইসলাম।

একই সঙ্গে যাদের সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন— যুগ্ম আহ্বায়ক জুলকার নাঈন, যুগ্ম সদস্য সচিব ইসরাফিল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, আশুলিয়া থানা শাখার যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট শাওন এবং সদস্য মো. আমানুল্লাহ (শিব্বির)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সংগঠনের নজরে এসেছে। এসব অভিযোগ গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে হবে। এই জবাব এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে অভিযুক্তদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও দলীয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD